বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারের বিবিধ প্রতিবন্ধকতা
This page was last updated on 26-May-2026 11:08am , By Saleh Bangla
বাংলাদেশে মোটরসাইকেল এখন আর শুধুমাত্র একটি শখের বাহন নয়; বরং এটি লাখো মানুষের দৈনন্দিন যাতায়াত, পেশা, ব্যবসা, এবং সময় বাঁচানোর অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। বিশেষ করে এখনকার তরুণ প্রজন্ম, চাকরিজীবী, ফ্রিল্যান্সার, ডেলিভারি রাইডার, এবং গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে এটি একটি কার্যকর ও তুলনামূলক সাশ্রয়ী যান হিসেবে প্রতিষ্ঠিত। তবে বাস্তবতা হলো, বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহার এখনও নানা ধরনের প্রতিবন্ধকতা, সীমাবদ্ধতা, এবং বিশেষ বৈষম্যের মুখোমুখি। তো সেসব প্রতিবন্ধকতা নিয়েই আজকের আলোচনা।


বাংলাদেশে মোটরসাইকেল ব্যবহারের বিবিধ প্রতিবন্ধকতা
স্মার্ট ও সুবিধাজনক বাহন হিসেবে মোটরসাইকেলের ব্যবহার বিশ্বব্যাপী স্বীকৃত। বিশেষ করে অনুন্নত থেকে উন্নয়নশীল তো বটেই অনেক উন্নত দেশেও এর ব্যবহার উল্লেখ করার মতো। তবে বিশ্বের অনেক গড়পড়তা জীবনমানের দেশের মতোই এদেশের যানজটপূর্ণ শহর, দুর্বল গণপরিবহন ব্যবস্থা, এবং দ্রুত চলাচলের প্রয়োজনীয়তার কারণে মোটরসাইকেলের প্রয়োজন ও জনপ্রিয়তা ক্রমাগত বাড়ছে।
কিন্তু একদিকে মোটরসাইকেলের ব্যবহারকারীর সংখ্যা যেমন বাড়ছে, অন্যদিকে তেমনি নীতিনির্ধারণী পর্যায়ে মোটরসাইকেলকে এখনো অনেক ক্ষেত্রে “সুবিধাজনক ও প্রয়োজনীয় পরিবহন” হিসেবে না দেখে “ঝুঁকিপূর্ণ বাহন” হিসেবেই বিবেচনা করা হয়। ফলে আমাদের রাইডারদের প্রতিনিয়ত মোকাবিলা করতে হয় উচ্চ কর, কাগজপত্রের জটিল প্রক্রিয়া, বৈষম্যমূলক আইন, নিরাপত্তাহীন রাস্তা, জ্বালানি সংকটসহ আরও অনেক সমস্যার। তো চলুন দেখে নেওয়া যাক সেই প্রতিবন্ধকতাগুলোকে এক নজরে।
সড়ক নিরাপত্তা ও অবকাঠামোগত সমস্যা
বাংলাদেশের সড়ক ব্যবস্থা এখনো মোটরসাইকেলবান্ধব নয়। অধিকাংশ রাস্তায় আলাদা লেন তো নেইই, বরং গর্ত, ভাঙাচোরা অংশ, অপরিকল্পিত স্পিড ব্রেকার, বালু বা কাঁদা জমে থাকা এবং অপর্যাপ্ত স্ট্রিট লাইটিং রাইডিংকে ঝুঁকিপূর্ণ করে তোলে। ছোট চাকার কারণে মোটরসাইকেল এসব সমস্যায় অন্য যানবাহনের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়া বাস, ট্রাক ও বড় যানবাহনের বেপরোয়া চলাচল মোটরসাইকেল রাইডারদের জন্য বড় ঝুঁকি তৈরি করে। অনেক সময় বড় গাড়ির চালকদের মধ্যে মোটরসাইকেলের প্রতি একধরনের অবহেলা বা আগ্রাসী মনোভাবও দেখা যায়। আর সেইসাথে রয়েছে ব্যাটারী চালিত প্রাচীন রিকশা ও লোহা-লক্করে পূর্ণ লোকাল উদ্ভাবিত ঝুঁকিপূর্ণ বাহনগুলোর দৌড়াত্ব। সবমিলিয়ে মোটরসাইকেল চালকদের জন্য আমাদের পথঘাট যেন এক মরনফাঁদ।
মোটরসাইকেলের অস্বাভাবিক উচ্চ মূল্য
বাংলাদেশে মোটরসাইকেলের দাম পার্শ্ববর্তী দেশসহ এশিয়ার অনেক দেশের তুলনায় অস্বাভাবিক ও আন্তর্জাতিক বাজারের তুলনায়ও অনেক বেশি। একই মডেলের বাইক পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে অস্বাভাবিক বেশি দামে বিক্রি হয়। এর পেছনে অন্যতম কারণ হলো উচ্চ আমদানি শুল্ক, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, এবং অন্যান্য কর।
ফলে অনেক মধ্যবিত্ত পরিবারে মানুষের জন্য একটি ভালো মানের মোটরসাইকেল কেনা কঠিন হয়ে পড়ে। এমনকি ১৫০ সিসি বা ১৬০ সিসির সাধারণ বাইকও অনেক সময় একজন চাকরিজীবীর কয়েক বছরের সঞ্চয়ের সমান হয়ে যায়। যেটি আসলেই অনেকটাই অসহনীয়।
উচ্চ আমদানি কর ও নীতিগত জটিলতা
বাংলাদেশে মোটরসাইকেলকে এখনও অনেক ক্ষেত্রে “লাক্সারি পণ্য” হিসেবে বিবেচনা করা হয়। অথচ বাস্তবে এটি এখন কর্মজীবী মানুষের প্রয়োজনীয় বাহন। উচ্চ আমদানি করের কারণে শুধু বাইকের দামই বাড়ে না, বরং খুচরা যন্ত্রাংশ, সেফটি গিয়ার, এবং পারফরম্যান্স পার্টসের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায়। এর ফলে অনেকে নিম্নমানের পন্য বা যন্ত্রাংশ ব্যবহার করতে বাধ্য হন, যা নিরাপত্তার জন্য হুমকি।
জটিল রেজিস্ট্রেশন ও ডকুমেন্টেশন প্রক্রিয়া
বাংলাদেশে মোটরসাইকেল রেজিস্ট্রেশন, নাম পরিবর্তন, ট্যাক্স টোকেন, ফিটনেস, ডিজিটাল নাম্বারপ্লেট, বা ড্রাইভিং লাইসেন্স কার্ড - সব মিলিয়ে পুরো প্রক্রিয়াটি এখনো হয়রানিমূলক ও অনেক বেশি ঝামেলাপূর্ণ। অনলাইন সেবা চালু হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে ব্যবহারকারীদের দীর্ঘ অপেক্ষা, অতিরিক্ত দৌড়ঝাঁপ এবং মধ্যস্বত্বভোগীর উপর নির্ভর করতে হয়। বিশেষ করে নতুন রাইডারদের জন্য পুরো প্রক্রিয়াটি বিভ্রান্তিকর এবং সময়সাপেক্ষ হয়ে দাঁড়ায়।
বৈষম্যমূলক আইন ও নিয়মনীতি
বাংলাদেশে অনেক সময় মোটরসাইকেলকে আলাদাভাবে কঠোর বিধিনিষেধের আওতায় আনা হয়। উদাহরণ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক সময়ে মোটরসাইকেল চলাচল সীমিত করা, সেতু বা এক্সপ্রেসওয়েতে চলাচল নিষিদ্ধ করা, অথবা আকস্মিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়গুলো উল্লেখ করা যায়।
এছাড়াও অনেক ক্ষেত্রেই দেখা যায়, একই ধরনের ট্রাফিক অপরাধে মোটরসাইকেল রাইডারদের প্রতি বেশি কঠোর আচরণ করা হয়। আবার কিছু নীতিমালায় মোটরসাইকেলকে গণপরিবহনের বিকল্প হিসেবে বিবেচনা না করে বরং সমস্যার উৎস হিসেবে দেখানো হয়।
মোটরসাইকেলের প্রতি সরকারি নেতিবাচক মনোভাব
এদেশে সড়ক দুর্ঘটনার জন্য প্রায়ই মোটরসাইকেলকে এককভাবে দায়ী করা হয়। যদিও বাস্তবে সড়ক ব্যবস্থাপনা, আইন প্রয়োগের দুর্বলতা, বড় যানবাহনের অনিয়ম এবং অবকাঠামোগত সমস্যাগুলি বড় কারণ। কিন্তু নীতিনির্ধারণী আলোচনায় মোটরসাইকেলকে অনেক সময় সহজ টার্গেট হিসেবে ব্যবহার করা হয়। ফলে উন্নত রাইডিং প্রশিক্ষণ, নিরাপদ অবকাঠামো বা সচেতনতা বৃদ্ধির পরিবর্তে নিষেধাজ্ঞামূলক সিদ্ধান্ত বেশি দেখা যায়।
মানসম্মত সার্ভিস ও টেকনিক্যাল সাপোর্টের অভাব
বাংলাদেশে মোটরসাইকেলের বাজার অনেকটাই বড় হলেও এখনো সব অঞ্চলে মানসম্মত সার্ভিস সেন্টার নেই। অনেক জেলায় দক্ষ মেকানিক, আধুনিক ডায়াগনস্টিক সুবিধা, বা আসল যন্ত্রাংশ পাওয়া কঠিন। এছাড়া অনেক ব্র্যান্ডের আফটার-সেলস সার্ভিসও সন্তোষজনক নয়। ফলে ব্যবহারকারীরা অনভিজ্ঞ মেকানিকের উপর নির্ভর করতে বাধ্য হন, যা বাইকের স্থায়িত্ব ও নিরাপত্তা উভয়ের জন্য ক্ষতিকর।
জ্বালানির মান ও প্রাপ্যতার সমস্যা
বাংলাদেশে জ্বালানির মান নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন রয়েছে। নিম্নমানের অকটেন বা পেট্রোল ইঞ্জিনের পারফরম্যান্স যেমন কমিয়ে দেয় তেমনি দীর্ঘমেয়াদে ক্ষতি বৃদ্ধি করে। বিশেষ করে হাই-কম্প্রেশন বা ফুয়েল ইনজেকশন সিস্টেমের আধুনিক মোটরসাইকেলগুলো ভালো মানের জ্বালানির উপর বেশি নির্ভরশীল। এর পাশাপাশি বিভিন্ন এলাকায় মানসম্মত ফুয়েল পাওয়াও একটি বড় চ্যালেঞ্জ।
আকস্মিক সরকারি ফি ও শুল্ক বৃদ্ধি
বাংলাদেশে মাঝেমধ্যেই মোটরসাইকেল সংক্রান্ত কর, রেজিস্ট্রেশন ফি, নবায়ন ফি, বা অন্যান্য চার্জ হঠাৎ বৃদ্ধি পায়। সরকার পক্ষ এবিষয়ে কারো সাথে আলোচনা বা সামাজিক জরিপ করেন না। এতে সাধারণ ব্যবহারকারীরা হঠাৎ করে আর্থিক চাপে পড়ে যান। ফলে এদেশে মোটরসাইকেল ব্যবহারকারীদের ও বিক্রেতাদের আকষ্মিক আর্থিক চাপ মাথায় রেখেই চলতে হয়।

পার্কিং সংকট ও চুরি ঝুঁকি
বাংলাদেশে সব ধরণের অঞ্চলেই নিরাপদ পার্কিং একটি বড় সমস্যা। এদেশের বেশিরভাগ অফিস, মার্কেট বা আবাসিক এলাকায় পর্যাপ্ত মোটরসাইকেল পার্কিং নেই। আবার নিরাপত্তার অভাবে মোটরসাইকেল চুরি বা যন্ত্রাংশ চুরির ঘটনাও ঘটে। ফলে রাইডারদের অতিরিক্ত লক, জিপিএস ট্র্যাকার বা অন্যান্য নিরাপত্তা ব্যবস্থার উপর নির্ভর করতে হয়।
মানসম্মত রাইডিং প্রশিক্ষণের অভাব
বাংলাদেশে অধিকাংশ মানুষ আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই মোটরসাইকেল চালানো শেখেন। ফলে সঠিক ব্রেকিং, কর্নারিং, প্রতিরক্ষামূলক রাইডিং বা হাইওয়ে সেফটি সম্পর্কে অনেকের পর্যাপ্ত ধারণা থাকে না। যদি উন্নত প্রশিক্ষণ ব্যবস্থা সহজলভ্য ও সাশ্রয়ী করা যেত, তাহলে দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব হতো, তেমনি মোটরসাইক্লিং নিয়ে সবার বিরুপ মনোভাব অনেকটাই কমানো যেত।
সেফটি গিয়ারের উচ্চ মূল্য
বাংলাদেশে ভালো মানের হেলমেট, রাইডিং জ্যাকেট, গ্লাভস, বুট বা অন্যান্য সেফটি গিয়ারের দাম তুলনামূলক অনেক বেশি। উচ্চ কর ও সীমিত বাজারের কারণে আন্তর্জাতিক মানের সেফটি গিয়ার অনেকেরই নাগালের বাইরে থাকে। ফলে অনেক রাইডারই নিম্নমানের হেলমেট বা অপর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা মেনেই রাইড করেন।
সামাজিক দৃষ্টিভঙ্গি ও নেতিবাচক ধারণা
এদেশের সমাজের ও সরকারের একটি বড় অংশ এখনও মোটরসাইকেলকে ঝুঁকিপূর্ণ বা বেপরোয়া তরুণদের বাহন হিসেবে দেখে। এর ফলে দায়িত্বশীল রাইডাররাও অনেক সময় নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হন। বাস্তবে সঠিক প্রশিক্ষণ, নিরাপদ রাইডিং এবং উন্নত অবকাঠামো থাকলে মোটরসাইকেল একটি কার্যকর, জ্বালানি সাশ্রয়ী এবং সময় বাঁচানো পরিবহন মাধ্যম হতে পারে।
তো সবশেষে বলতে হয়, বাংলাদেশে মোটরসাইকেল এখন বিলাসিতা নয়, বরং বহু মানুষের জন্য প্রয়োজনীয় বাহন। এটি কর্মসংস্থান তৈরি করছে, সময় বাঁচাচ্ছে এবং দুর্বল গণপরিবহন ব্যবস্থার একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে। কিন্তু বাস্তবতা হলো, মোটরসাইকেল ব্যবহারকারীরা এখনও সমাজের ও সরকারের চোখে অবহেলার পাত্র।
পক্ষান্তরে সরকার যদি মোটরসাইকেল ও ব্যবহারকারীদের বাস্তবধর্মী দৃষ্টিতে দেখে, মোটরসাইকেলবান্ধব নীতিমালা প্রণয়ন করে, নিরাপদ অবকাঠামো গড়ে তোলে এবং প্রশিক্ষণ ও সচেতনতার উপর জোর দেয়, তাহলে এটি দেশের গণ-পরিবহন ব্যবস্থায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।